সালমানের ‘বিয়িং হিউম্যান’-এর বিরুদ্ধে প্রতারণা মামলা, আদালতে তলব সালমান ও বোন আলভিরাকে
বিনোদন ডেস্ক | প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬
ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানের মানবসেবামূলক ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ভারতের চণ্ডিগড় আদালতে মামলা দায়ের হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আদালত সালমান খান, তার বোন আলভিরা খান আগ্নিহোত্রী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালকদের আগামী ৫ অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে।
মামলাটি করেছেন চণ্ডিগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্ত। তার অভিযোগ, ‘বিয়িং হিউম্যান’-এর জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে একটি জুয়েলারি শোরুম চালু করতে উৎসাহিত করে। তিনি প্রায় ৩ কোটি রুপি বিনিয়োগ করেন, যার মধ্যে শোরুম প্রস্তুতেই ব্যয় হয় ১ কোটি রুপি।
অরুণ গুপ্তর দাবি, চুক্তি অনুযায়ী তিনি সব শর্ত পূরণ করলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিশ্রুত সহযোগিতা পাননি। ফলে ব্যবসায় বড় ধরনের লোকসানের মুখে পড়ে ২০২০ সালের ফেব্রুয়ারিতে শোরুমটি বন্ধ করে দিতে বাধ্য হন।
তবে অভিযোগ অস্বীকার করেছে সালমান খানের প্রতিষ্ঠানের পক্ষ। তাদের দাবি, অরুণ গুপ্তর সঙ্গে হওয়া চুক্তির সঙ্গে সালমান খানের সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি শুধু সংশ্লিষ্ট কোম্পানিকে ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডের জুয়েলারি বিক্রির লাইসেন্স দিয়েছিলেন।
মামলাকারীর আরও দাবি, ‘বিগ বস’-এর শুটিং চলাকালে সালমান খান তার সঙ্গে দেখা করে শোরুম উদ্বোধনে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখানে উপস্থিত হননি।
এ বিষয়ে সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর।








